ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে সরকার কোনো চাপের মধ্যে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত ব্যবস্থা নেবে, যদি এ ধরনের কোনো তথাকথিত কর্মকাণ্ড থাকে। তিনি বলেন, সরকার সবসময় সতর্ক আছে। নভেম্বর ও ডিসেম্বরের ফেরার ঘোষণাগুলোকে কেন্দ্র করে চাপের প্রশ্ন নেই; এগুলো আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত কাজের অংশ।
আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আইনানুগ। তাঁর ভাষ্য অনুযায়ী, দলটির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত চলছে এবং তা সম্ভবত শেষ পর্যায়ে। তদন্ত শেষে চার্জশিট ও বিচারিক প্রক্রিয়ার পর আদালত স্থায়ী বা সাময়িক নিষেধাজ্ঞা কিংবা সংগঠনের সম্পত্তি জব্দের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। নির্বাচন কমিশনের আরোপ করা দলটির নিবন্ধন স্থগিতাদেশ এখনো বহাল আছে।