স্পেসএক্সের শেয়ারের দাম ১১ দশমিক ৭ শতাংশ বাড়ায় বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের মোট সম্পদ আবার ৮০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। ফোর্বসের তথ্য অনুযায়ী, শুক্রবার দিন শেষে তাঁর সম্পদের মূল্য দাঁড়ায় ৮২৩ দশমিক ৬ বিলিয়ন ডলার। দুই সপ্তাহেরও কম সময়ে তাঁর সম্পদ ১০০ বিলিয়ন ডলারের বেশি বেড়েছে। তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠে শুক্রবার স্পেসএক্সের শেয়ারের দাম ছিল ১২৯ ডলার।
এর আগে স্পেসএক্সের শেয়ারে বড় দরপতনের পর ২৭ জুলাই মাস্কের সম্পদের মূল্য ৭০০ বিলিয়ন ডলারের নিচে নেমে যায়। গত সপ্তাহের শুরুতে প্রকাশিত ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদনে এক বছরে কোম্পানিটির ত্রৈমাসিক ব্যয় প্রায় ছয় গুণ বৃদ্ধির তথ্য আসে, যার পর শেয়ারের দাম অনেকটা কমে যায়। তবে সর্বশেষ প্রান্তিকে স্পেসএক্সের আয় ৭৮০ কোটি ডলার হয়েছে, যা ওয়ালস্ট্রিটের ৬৯০ কোটি ডলারের পূর্বাভাসের চেয়ে বেশি।
একই প্রান্তিকে স্পেসএক্সের নিট লোকসান ১০০ কোটি ডলার থেকে কমে ৫৪ কোটি ১০ লাখ ডলারে নেমেছে। স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা কোম্পানিটির আয়ের অন্যতম প্রধান উৎস এবং দ্বিতীয় প্রান্তিকে এ সেবার আয় প্রায় দ্বিগুণ হয়েছে। মূলধনি ব্যয় বেড়ে ১ হাজার ৮৩০ কোটি ডলারে দাঁড়িয়েছে, যার মধ্যে এআই খাতে ব্যয় ১ হাজার ৫৮০ কোটি ডলার। মাস্ক স্পেসএক্সের প্রায় ৩৮ শতাংশ শেয়ারের মালিক।