জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর আওতায় ঢাকা জেলায় ৫ লাখ ৫৩ হাজার ৭৯৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এই কার্যক্রম চলবে। মঙ্গলবার ঢাকা জেলা সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে সিভিল সার্জন ডা. মোহাম্মদ জিল্লুর রহমান এ তথ্য জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মিজ ফরিদা খানম এবং বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার শামিমা পারভীন।
ব্রিফিংয়ে জানানো হয়, ৬–১১ মাস বয়সী ৭৪ হাজার ১১৭ শিশুকে নীল রঙের (১,০০,০০০ আইইউ) এবং ১২–৫৯ মাস বয়সী ৪ লাখ ৭৮ হাজার ৬৮২ শিশুকে লাল রঙের (২,০০,০০০ আইইউ) ক্যাপসুল খাওয়ানো হবে। কার্যক্রম সফল করতে ১,৭৪৩টি কেন্দ্র স্থাপন করা হয়েছে, যার মধ্যে ১,৬১৮টি আউটরিচ এবং ১২৫টি ভ্রাম্যমাণ কেন্দ্র। এতে ৩,৪৮৬ জন স্বেচ্ছাসেবক ও ২৯২ জন সরকারি কর্মকর্তা-কর্মচারী অংশ নেবেন।
জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, শিশুর পুষ্টি ও সুস্থতা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অপরিহার্য এবং কোনো শিশুই যেন এই সুবিধা থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।