ইরান ও লেবানন থেকে ইসরাইলের বিভিন্ন স্থানে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হচ্ছে। এসব হামলার মধ্যে লাখ লাখ ইসরাইলি আশ্রয়কেন্দ্রে ছুটে যাচ্ছেন, অনেকেই সময়মতো সেখানে পৌঁছাতে পারছেন না। রামাল্লা থেকে আল জাজিরার প্রতিনিধি নিদা ইবরাহিম জানান, হামলার ভয়ে আশ্রয়কেন্দ্রগুলোতে নির্ঘুম রাত কাটছে মানুষের।
নিদা ইবরাহিমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অব্যাহত ক্ষেপণাস্ত্র হামলার কারণে ইসরাইলের রাডার সিস্টেম হুমকির মুখে পড়েছে এবং সতর্কবার্তা দেওয়ার সক্ষমতা কমে গেছে। মঙ্গলবার রাতভর ইরান থেকে অন্তত ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, পাশাপাশি লেবাননের হুমকির কারণে বারবার সাইরেন বাজানো হয়েছে। কিছু ড্রোন ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে দেশটির গভীরে প্রবেশ করেছে বলে জানা গেছে।
ইসরাইল সতর্ক করেছে যে ইরান থেকে নতুন ধরনের ক্ষেপণাস্ত্র হুমকি রয়েছে, বিশেষ করে খণ্ডিত ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্রগুলো নিয়ে। দেশটি আরও জানিয়েছে, হিজবুল্লাহ একটি নতুন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, যা আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগ বাড়িয়েছে।