যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলির অধ্যাপক ওমর এম ইয়াগি ও তাঁর গবেষক দল মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্কস বা এমওএফ ব্যবহার করে বাতাসের আর্দ্রতা থেকে পানি সংগ্রহের প্রযুক্তি তৈরি করেছেন। ইয়াগির প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান অ্যাটোকো এটি বাণিজ্যিক পর্যায়ে নেওয়ার চেষ্টা করছে। তাদের লক্ষ্য, বিদ্যুৎ গ্রিডের ওপর নির্ভর না করে শুষ্ক বাতাস থেকে দৈনিক সর্বোচ্চ এক হাজার লিটার পানি উৎপাদন করতে সক্ষম ব্যবস্থা তৈরি করা।
ধাতব আয়ন ও জৈব অণু দিয়ে গঠিত এমওএফের ক্ষুদ্র ছিদ্র বাতাসের জলীয় বাষ্প ধরে রাখে। পরে তাপ প্রয়োগে বাষ্প বের করে ঠান্ডা করে তরল পানি বানানো হয়। প্রচলিত শীতলীকরণভিত্তিক যন্ত্রের তুলনায় এ পদ্ধতি কম আর্দ্রতার পরিবেশেও কাজের সম্ভাবনা তৈরি করে। অ্যাটোকোর দাবি, তাদের উপাদান প্রায় ১০০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় বাষ্প সংগ্রহ ও ছাড়তে পারে এবং যন্ত্রটি প্রায় ১০ শতাংশ আপেক্ষিক আর্দ্রতায়ও কাজ করতে সক্ষম।
ক্যালিফোর্নিয়ার ইরভিনে প্রায় ২০ ফুট উঁচু পরীক্ষামূলক যন্ত্রটি দিনে সর্বোচ্চ ৩০০ লিটার পানি উৎপাদন করতে পারে। এতে শিল্পকারখানার তাপের অনুকরণে প্রায় ১৫০ ডিগ্রি ফারেনহাইট তাপ ব্যবহার করা হয়েছিল। তবে বিশেষজ্ঞরা বলছেন, নির্ভরযোগ্য তাপের উৎস, দীর্ঘমেয়াদি কার্যকারিতা, ব্যয় ও বড় পরিসরে সম্প্রসারণের সক্ষমতা আরও যাচাই প্রয়োজন।