ভারতের মধ্যপ্রদেশের দামোহ জেলার হিন্দোরিয়া থানা এলাকার হারদুয়া গ্রামে গরু জবাই ও গবাদিপশু চুরির সন্দেহে তিন মহিষ ব্যবসায়ীকে রশি দিয়ে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। আহতদের ভাষ্য, তারা পিকআপ ভ্যানে মহিষ নিয়ে সাগর জেলার একটি গোশালায় যাচ্ছিলেন। পথে একদল ব্যক্তি গাড়ি থামানোর চেষ্টা করে এবং গাড়ি না থামালে ইট-পাটকেল ছোড়ে। পরে তাদের ধাওয়া করে আটক করে মারধর করা হয় বলে অভিযোগ।
আহত হাসান কুরেশির অভিযোগ, হামলাকারীরা তাদের হাত-পা বেঁধে লাঠি দিয়ে পেটায় এবং পোশাক খুলে শুধু অন্তর্বাস পরা অবস্থায় রাখে। তাদের ‘গরু জবাই করেছেন’ বলতে ও ‘গৌমাতা কি জয়’ স্লোগান দিতে বাধ্য করা হয় বলেও তিনি দাবি করেন। হাসানের ভাষ্য অনুযায়ী, মহিষ পরিবহনের প্রয়োজনীয় কাগজপত্র দেখানোর পরও হামলা হয়। সোনার চেইন, আংটি, মুঠোফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে, তবে সেগুলোর স্বাধীন যাচাই হয়নি।
আহত হাসান ও আবিদ কুরেশিকে উন্নত চিকিৎসার জন্য জবলপুরের সুভাষচন্দ্র বসু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হুসেন খানের চিকিৎসা দামোহে চলছে এবং তিনি আশঙ্কামুক্ত। পুলিশ পিকআপ ভ্যান ও সাতটি মহিষ জব্দ করেছে, দুটি মামলা করেছে এবং ক্রয়-বিক্রয় ও পরিবহনসংক্রান্ত কাগজপত্র পরীক্ষা করছে। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।