আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে। রায়ে বলা হয়েছে, রাষ্ট্রনির্দেশিত সহিংস দমননীতির অধীনে পুলিশের সদস্যরা আবু সাঈদকে ইচ্ছাকৃতভাবে ও বেআইনিভাবে হত্যা করেছে। সোমবার চিফ প্রসিকিউটর আমিনুল এক প্রেস ব্রিফিংয়ে জানান, রায়ের বিবরণ যাচাই করে প্রয়োজনে আপিল করা হবে।
রায়ে উল্লেখ করা হয়, আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার অনুসন্ধানী মিশনের ফরেনসিক ও প্রমাণভিত্তিক তথ্য অনুযায়ী এই হত্যাকাণ্ড বেসামরিক জনগণের বিরুদ্ধে পরিকল্পিত দমন অভিযানের অংশ ছিল, যা ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনের অধীনে মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য। ট্রাইব্যুনাল সিদ্ধান্ত দেয়, একাধিক আঘাত ও গুলিবিদ্ধ হয়ে সৃষ্ট শক ও রক্তক্ষরণে আবু সাঈদের মৃত্যু হয়, যা পরিকল্পিত হত্যাকাণ্ড।
রায়ে দুই সাবেক পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড, তিনজনকে যাবজ্জীবন এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসিসহ কয়েকজন শিক্ষক ও ছাত্রনেতাকে তিন থেকে দশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একজনের হাজতবাসকে সাজা পূর্ণ হিসেবে গণ্য করা হয়েছে।