যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় খোবাইব নামে এক যুবক হত্যার মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের জামিন স্থগিত চেয়ে করা আবেদনে বিচারপতি মো. রেজাউল হক ‘নো অর্ডার’ আদেশ দেন, ফলে তার মুক্তিতে আর কোনো বাধা নেই। হাইকোর্ট গত ৩০ জুন তাকে জামিন দিয়েছিল।
আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী, মোতাহার হোসেন সাজু ও সাঈদ আহমেদ রাজা। এর আগে ২১ জুন বিচারিক আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেছিল, পরে তিনি হাইকোর্টে আবেদন করেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট সকালে যাত্রাবাড়ীতে আন্দোলন চলাকালে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের গুলিতে ২০ বছর বয়সী খোবাইব নিহত হন। তার ভাই জোবায়ের আহম্মেদ একই বছরের ১৬ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।