নবনিযুক্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশে বিসিবির আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন। মঙ্গলবার রাতে দায়িত্ব গ্রহণের পরপরই সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের সামনেই বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনকে ফোন করে তিনি নির্দেশ দেন, যেন পরদিন থেকেই সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারেন।
এর আগে গত ৩১ জানুয়ারি নিরাপত্তার অজুহাতে বিসিবি গণমাধ্যমকর্মীদের স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল এবং ক্রীড়া সাংবাদিকদের জন্য নতুন কিছু নির্দেশনা দিয়েছিল। বিসিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, শুধুমাত্র ম্যাচ ডে, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন, আমন্ত্রণমূলক অনুষ্ঠান ও পূর্বঘোষিত ট্রেনিং সেশন কাভার করার সময় সাংবাদিকরা প্রবেশ করতে পারবেন।
প্রতিমন্ত্রীর নির্দেশে এই সীমাবদ্ধতা তুলে নেওয়ায় ক্রীড়া সাংবাদিকদের জন্য মাঠে প্রবেশ ও সংবাদ সংগ্রহের সুযোগ পুনরায় উন্মুক্ত হলো।