জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পৃথক দুই র্যাগিং ঘটনায় পদার্থবিজ্ঞান ও ইতিহাস বিভাগের ২০ শিক্ষার্থীকে মোট ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে। বুধবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত দুটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়। ১৩ সেপ্টেম্বরের বিশেষ সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। জরিমানা না দেওয়া পর্যন্ত অভিযুক্তরা চলমান, টার্ম ফাইনাল বা পরবর্তী নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে পারবেন না।
পদার্থবিজ্ঞান বিভাগের ঘটনায় ২০২৪–২৫ শিক্ষাবর্ষের আট শিক্ষার্থীর বিরুদ্ধে ২০ জুলাই রাত ১০টা থেকে ভোর ৩টা পর্যন্ত ২০২৫–২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের র্যাগিংয়ের অভিযোগ ওঠে। শের-ই-বাংলা এ কে ফজলুল হক হলের পশ্চিম পাশের মনপুরায় গালাগালি ও কান ধরিয়ে ওঠবস করানোর অভিযোগ ছিল। এ ঘটনায় আটজনকে ৩৫ হাজার থেকে ৫০ হাজার টাকা করে, মোট ৩ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ইতিহাস বিভাগের ঘটনায় ৩ জুলাই রাত ১১টা থেকে ২টা পর্যন্ত ১৩ নবীন শিক্ষার্থীকে র্যাগিংয়ের অভিযোগে ১২ শিক্ষার্থীকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অফিস আদেশে বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজ মাঠে গালাগালি, কান ধরানো এবং ‘ম্যানার শেখানোর’ নামে র্যাগিংয়ের কথা বলা হয়েছে। ২০১৮ সালের শৃঙ্খলা অধ্যাদেশ অনুযায়ী শাস্তি দেওয়া হয়েছে এবং পুনরাবৃত্তি হলে কঠোর ব্যবস্থার সতর্কতা দেওয়া হয়েছে।