তিন দফা দাবি বাস্তবায়ন এবং প্রশাসনের প্রতিশ্রুতি পূরণ না হওয়ার অভিযোগে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন ২২ অক্টোবর বৃহস্পতিবার সকাল থেকে সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধ ঘোষণা করেছে। বুধবার গণমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেন সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা। সংগঠন দুটি সাজেকে অবস্থানরত পর্যটকদের বুধবারের মধ্যেই এলাকা ছাড়ার অনুরোধ জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অবরোধ চলবে। বাঘাইহাট ও মাচলং বাজার দুর্গাপূজা উদযাপন কমিটির অনুরোধে এবং শারদীয় দুর্গাপূজার প্রতি সম্মান জানিয়ে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত কর্মসূচি স্থগিত ছিল। এর আগে ১১ অক্টোবর শুরু হওয়া অবরোধ প্রশাসন ও বাঘাইহাট জোনের উপ-অধিনায়ক মো. সালমানের আশ্বাসের পর শর্তসাপেক্ষে স্থগিত করা হয়। প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ার অভিযোগে ১৫ অক্টোবর আবার অবরোধ পালন করা হয়েছিল।
সংগঠন দুটির নেতারা অভিযোগ করেছেন, জেএসএসের সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যরা এখনো আগের অবস্থানে রয়েছেন। তাঁদের দাবি, শতাধিক সাধারণ মানুষকে ভয়ভীতি ও মৃত্যুর হুমকি দিয়ে বাড়িঘর ছাড়তে বাধ্য করা হয়েছে এবং গ্রামবাসীদের মুঠোফোন কেড়ে নেওয়া হয়েছে। নিরাপত্তাহীনতায় জুমচাষীরা হলুদ ও ঝাড়ুফুলের বাগান পরিষ্কার করতে পারছেন না বলেও অভিযোগ করা হয়। ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, শববাহী গাড়ি, জরুরি ওষুধবাহী যান, সংবাদপত্রবাহী যান ও সাংবাদিকদের গাড়ি অবরোধমুক্ত থাকবে।