রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য ইউরেনিয়াম জ্বালানি বহনকারী একটি বিমান রাশিয়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম শুক্রবার বিকেলে এ তথ্য জানান। ভারতের একটি বিমানবন্দরে বিরতি নিয়ে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল।
বিমানবন্দরে অবতরণের পর ইউরেনিয়ামের চালান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে মন্ত্রী জানান। বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তায় চালানটি রূপপুরে পৌঁছে দেওয়া হবে।
আগামী নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে নয়টি ফ্লাইটে প্রথম ইউনিটের জন্য আরও ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি দেশে আসার কথা রয়েছে। এসব চালান রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত হয়ে বাংলাদেশে পৌঁছাবে। এর আগে ২০২৩ সালে প্রথম ইউনিটের জ্বালানি দেশে আনা হয় এবং চলতি বছরের মে মাসে তা পারমাণবিক চুল্লিতে স্থাপন করা হয়েছে।