ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সম্ভাব্য হামলার আশঙ্কায় সৌদি আরবে থাকা জরুরি দায়িত্বে নিয়োজিত নন এমন মার্কিন সরকারি কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। সৌদি আরবে মার্কিন দূতাবাস রোববার হালনাগাদ নিরাপত্তা সতর্কবার্তায় জানায়, বাড়তি নিরাপত্তাঝুঁকির কারণে গত ২৩ অক্টোবর থেকে এ নির্দেশ কার্যকর হয়েছে।
দূতাবাস বলেছে, হুথিরা সৌদি আরবের বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলা চালিয়েছে, যাতে বেসামরিক হতাহত এবং যাতায়াতব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটেছে। বর্তমান সংঘাত দ্রুত সংশ্লিষ্ট এলাকার বাইরেও ছড়িয়ে পড়তে পারে বলেও সতর্ক করা হয়। ২০১৪ সাল থেকে হুথিরা ইয়েমেনের রাজধানী সানা ও বিভিন্ন এলাকা নিয়ন্ত্রণ করছে এবং ২০২২ সালের যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর গত জুলাইয়ে সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে পুনরায় সংঘাতে জড়ায়।
ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার সীমিত ফ্লাইট চলাচল শুরু হয়েছে। দূতাবাস জানায়, অভ্যন্তরীণ ও সৌদি বিমান সংস্থার কিছু আন্তর্জাতিক ফ্লাইট চলছে। তবে মার্কিন নাগরিকদের আরও হামলা, আকাশপথ বন্ধ এবং ফ্লাইট বাতিলের ঝুঁকিতে সতর্ক থাকতে বলা হয়েছে।