রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালুর পরিকল্পনা করেছে সরকার। প্রথম দিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চারটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে কার্যক্রম শুরু হবে। সোমবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে টার্মিনাল পরিচালনার প্রস্তাব অনুমোদনের পর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এ তথ্য জানান।
টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে ৩০ নভেম্বরের মধ্যে কনসেশন চুক্তি সই করার লক্ষ্য রয়েছে। শুরুতে ২৫ শতাংশ সক্ষমতায় চালুর আলোচনা থাকলেও কনসোর্টিয়াম তাৎক্ষণিকভাবে ওই সক্ষমতায় যেতে পারবে না। আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ম অনুসারে ধাপে ধাপে ফ্লাইট বাড়ানো হবে এবং সিঙ্গাপুরসহ অন্যান্য গন্তব্যের ফ্লাইট যুক্ত করার বিষয়েও আলোচনা চলছে।
১৬ ডিসেম্বর থেকে হিসাব করলে সর্বোচ্চ ১৪ মাসের মধ্যে টার্মিনালটির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হতে পারে। ১৫ বছর মেয়াদি কনসেশন চুক্তিতে জাপানি কোম্পানিকে অগ্রিম ৮১ লাখ মার্কিন ডলার দিতে হবে। পূর্ণ সক্ষমতায় কার্যক্রম শুরু হলে বাংলাদেশ ২৭ শতাংশ রাজস্ব পাবে। রূপান্তরকালে পুরোনো আন্তর্জাতিক টার্মিনাল ব্যবহার অব্যাহত থাকতে পারে এবং পরে এটি অভ্যন্তরীণ ও হজ ফ্লাইটে ব্যবহারের বিষয়টি আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।