সরকার ২০০৭ সালে ‘দলীয় বিবেচনায়’ বাতিল করা পুলিশ সার্জেন্ট ও সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগের আদেশ প্রত্যাহার করেছে। ফলে ২০০৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় নির্বাচিত ১২৩ জন সার্জেন্ট ও ২০৭ জন সাব-ইন্সপেক্টর চাকরিতে যোগদানের সুযোগ পাচ্ছেন। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-২ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ২০০৭ সালে নিয়োগ প্রক্রিয়া বাতিল না হলে আবেদনকারীরা যে তারিখে স্বাভাবিকভাবে চাকরিতে যোগদান করতেন, সেই তারিখ থেকে তাদের ভূতাপেক্ষ জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে। তবে এ ক্ষেত্রে কোনো আর্থিক সুবিধা দেওয়া হবে না। নিয়োগপ্রাপ্তদের ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ ও সর্বোচ্চ দুই বছরের শিক্ষানবিশকাল নির্ধারণ করা হয়েছে।
লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফল এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধিবিধান অনুসারে সংশ্লিষ্ট ব্যাচের গ্রেডেশন তালিকা তৈরি করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দেওয়া হয়েছে।