দীর্ঘ নয় বছর পর কুয়াকাটা সমুদ্রসৈকতে ফিরছে কুয়াকাটা পর্যটন কার্নিভাল। পর্যটক আকর্ষণ এবং কুয়াকাটাকে আধুনিক ও পূর্ণাঙ্গ পর্যটন গন্তব্য হিসেবে তুলে ধরতে আগামী ২৩ ও ২৪ অক্টোবর দুই দিনব্যাপী এ আয়োজন হবে। কার্নিভালকে সামনে রেখে রোববার কুয়াকাটার পর্যটন হলিডে হোমসের কনফারেন্স রুমে পর্যটনসংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে আয়োজিত সভায় পর্যটন উন্নয়ন, অবকাঠামো, নিরাপত্তা, বিনোদন ও পর্যটকসেবা নিয়ে আলোচনা হয়। করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। সভায় পর্যটন সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী, হোটেল-মোটেল মালিক, উদ্যোক্তা ও স্থানীয় অংশীজনরা উপস্থিত ছিলেন।
কার্নিভালে সৈকত ক্যাম্পিং, বিচ ফুটবল, কুইজ, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিচ উৎসব, পুঁথিপাঠ ও প্রি-ইভেন্টসহ নানা কর্মসূচি থাকবে। স্থানীয় পণ্য, খাবার ও সংস্কৃতিও তুলে ধরা হবে। সৈকত ও আশপাশের এলাকায় সাজসজ্জা, পরিচ্ছন্নতা ও অন্যান্য প্রস্তুতি চলছে। স্থানীয় ব্যবসায়ীরা আশা করছেন, এ আয়োজন পর্যটকের আগমন বাড়িয়ে স্থবির পর্যটন ব্যবসায় গতি আনবে। বক্তারা নিরাপত্তা, যোগাযোগ, আবাসন, বিনোদন ও পরিবেশ সংরক্ষণে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন।