দক্ষিণ কোরিয়া আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ভ্যানডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটে করে তাদের চতুর্থ মাঝারি আকারের পৃথিবী পর্যবেক্ষণ স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে। দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, প্রায় ৫০০ কেজি ওজনের স্যাটেলাইটটির গত এক মাসে কার্যকারিতা পরীক্ষা ও জ্বালানি ভরার কাজ সম্পন্ন হয়েছে এবং এটি এখন উৎক্ষেপণের জন্য প্রস্তুত।
কোরিয়া অ্যারোস্পেস অ্যাডমিনিস্ট্রেশন (কাসা) জানিয়েছে, উৎক্ষেপণের প্রায় ২ ঘণ্টা ২২ মিনিট পর স্যাটেলাইটটি রকেট থেকে বিচ্ছিন্ন হবে এবং প্রায় ৩১ মিনিট পর সভালবার্ড গ্রাউন্ড স্টেশনের মাধ্যমে ভূমি নিয়ন্ত্রণ কেন্দ্রের সঙ্গে প্রথম যোগাযোগ করবে। এতে দক্ষিণ কোরিয়ায় তৈরি বিভিন্ন যন্ত্রপাতি রয়েছে, যার মধ্যে একটি ক্যামেরা প্রতি তিন দিনে একবার পুরো কোরীয় উপদ্বীপের ছবি তুলতে সক্ষম।
স্যাটেলাইটটি কৃষি ও বন ব্যবস্থাপনা, বনাঞ্চলের পরিবর্তন পর্যবেক্ষণ, দুর্যোগ মোকাবিলা, জলবায়ু পরিবর্তন বিশ্লেষণ এবং জননিরাপত্তা জোরদারসহ বিভিন্ন কাজে ব্যবহৃত হবে।