শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জে. এম. সেন হল পূজামণ্ডপ পরিদর্শন এবং সাংগঠনিক সভায় যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে সামরিক বিমানে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তিনি নগরীর রহমতগঞ্জে জে. এম. সেন পূজামণ্ডপের উদ্দেশে রওনা হন। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের অভ্যর্থনা জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ দলীয় নেতা, মন্ত্রী ও স্থানীয় প্রতিনিধিরা। সড়কের দুই ধারে হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থক তাঁকে শুভেচ্ছা জানান। গাড়ি থেকে হাত নেড়ে প্রধানমন্ত্রী তাদের অভিবাদনের জবাব দেন।
এর আগে তিনি ঢাকা থেকে সৈয়দপুর হয়ে রংপুর যান, তারাগঞ্জ ও পাগলাপীরে দুটি পথসভায় অংশ নেন এবং রাধা-গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরে রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির জন্য ১২ কোটি টাকার প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন এবং ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন। চট্টগ্রামের কর্মসূচি শেষে তাঁর রাতেই ঢাকায় ফেরার কথা রয়েছে।