যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ডেমোক্র্যাট সিনেটর চাক শুমার সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হলে তাঁর সঙ্গে কাজ করা তাঁর জন্য খুব কঠিন হবে। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প শুমারের নেতৃত্বের আগের ভূমিকার সমালোচনা করেন এবং এবারও তিনি ব্যর্থ হবেন বলে দাবি করেন।
নিউইয়র্কের ডেমোক্র্যাট শুমার বর্তমানে সিনেটে সংখ্যালঘু দলের নেতা। চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে বড় জয়ের পর আগামী বছর কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে ডেমোক্র্যাটরা। তবে নির্বাচনী জয়ের পরও দলের প্রগতিশীল অংশের অসন্তোষের মুখে রয়েছেন শুমার। তাদের মতে, তরুণ এবং প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার বিরোধী আইনপ্রণেতাদের প্রভাব বাড়ার প্রেক্ষাপটে দলের নেতৃত্বে পরিবর্তন প্রয়োজন।
সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হওয়ার প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন মেরিল্যান্ডের সিনেটর ক্রিস ভ্যান হলেন। শুমার বলেছেন, নেতৃত্ব ধরে রাখার জন্য তাঁর প্রয়োজনীয় সমর্থন রয়েছে। এ বিষয়ে আগামী মাসে রুদ্ধদ্বার বৈঠকে গোপন ব্যালটে ভোট হওয়ার কথা। নির্বাচনের পর ট্রাম্প হোয়াইট হাউস পরিচালনার দায়িত্ব স্টিফেন মিলারকে দিয়েছেন এবং স্বাস্থ্যসেবার মতো কিছু বিষয়ে ডেমোক্র্যাটদের সঙ্গে কাজের আগ্রহের ইঙ্গিতও দিয়েছেন।