গাজাবাসীর জন্য ত্রাণবাহী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র সমাজকর্মীদের প্রতি ইসরাইলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের উপহাস ও দুর্ব্যবহারের ভিডিও বিশ্বজুড়ে ক্ষোভ সৃষ্টি করেছে। ভিডিওটি প্রকাশের দুই ঘণ্টার মধ্যেই ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এক্সে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, এমন আচরণ অগ্রহণযোগ্য এবং ইতালি এর জন্য ক্ষমা দাবি করছে। এই ঘটনার পর দুই দেশের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কে বড় ফাটল দেখা দিয়েছে।
বিশ্লেষকদের মতে, এটি ইতালি-ইসরাইল সম্পর্কের একটি নাটকীয় মোড়। অতীতে মেলোনি সরকার ফ্লোটিলার প্রতি সহানুভূতিশীল ছিল না, কিন্তু সাম্প্রতিক ইসরাইলি কর্মকাণ্ড, বিশেষ করে আন্তর্জাতিক সমুদ্রসীমায় জাহাজ জব্দ ও খ্রিস্টান সম্প্রদায়ের ওপর হেনস্থা, ইতালিতে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। ক্যাথলিক মানসিকতা, ইরান-ইসরাইল যুদ্ধের অর্থনৈতিক প্রভাব এবং তরুণ ভোটারদের ইসরাইলবিরোধী মনোভাব সরকারের নীতি পরিবর্তনে ভূমিকা রেখেছে।
গত তিন মাসে ইতালি ইসরাইলের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা স্থগিত করেছে, রাষ্ট্রদূতকে একাধিকবার তলব করেছে এবং ইইউ নিষেধাজ্ঞার উদ্যোগ নিয়েছে। তবে বিশ্লেষকদের মতে, এটি সাময়িক ফাটল, স্থায়ী বিচ্ছেদ নয়।