বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বাংলাদেশজুড়ে একটি শক্তিশালী ও প্রায় পূর্ণাঙ্গ ক্রান্তীয় বৃষ্টিবলয় সক্রিয় হতে পারে বলে বৃহস্পতিবার জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। এতে দেশের প্রায় ৯০ থেকে ৯৫ শতাংশ এলাকায় কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উপকূলসহ কয়েকটি স্থানে ইতোমধ্যে বৃষ্টি শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত ধাপে ধাপে বৃষ্টিবলয়টি বিস্তৃত হতে পারে; ২০ ও ২১ নভেম্বর এর সক্রিয়তা সর্বাধিক থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।
প্রথমে দক্ষিণাঞ্চলে সক্রিয় হয়ে পরে অন্য অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে এই বৃষ্টিবলয়। খুলনা ও ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় এর প্রভাব বেশি থাকতে পারে, আর রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহের অনেক এলাকাও ভালোভাবে প্রভাবিত হতে পারে। অধিকাংশ স্থানে দমকা বা মাঝারি হাওয়া এবং হালকা থেকে মাঝারি বজ্রপাতের আশঙ্কা আছে, তবে কালবৈশাখী বা শিলাবৃষ্টির আশঙ্কা নেই বলে জানানো হয়েছে।
পাঁচ দিনে ঢাকায় ১৪০ থেকে ১৬০ মিলিমিটার এবং খুলনায় ১৫০ থেকে ১৮০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। ভারি বৃষ্টিতে নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে, তবে পাহাড়ি ঢল বা পাহাড়ধসের আশঙ্কা নেই। টানা বৃষ্টি ও মেঘাচ্ছন্নতায় তাপমাত্রা দ্রুত কমে শীত বেশি অনুভূত হতে পারে; শিশু ও বয়স্কদের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।