এআইএমআইএম সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি অভিযোগ করেছেন, ভারতের কেন্দ্রীয় সরকারের গঠিত ডেমোগ্রাফি কমিশন গাড়ি নিবন্ধন ও সম্পত্তি কেনাবেচা নিয়ে ধর্মভিত্তিক তথ্য চেয়ে মুসলিমদের লক্ষ্যবস্তু করছে। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে তিনি বলেন, কমিশন রাজ্যগুলোর কাছে কোন ধর্মের মানুষ কত গাড়ি কিনেছে এবং কার কত জমি আছে, সে তথ্য জানতে চাচ্ছে।
ওয়াইসি বলেন, মুসলিমদের শিক্ষা, সামাজিক ও অর্থনৈতিক অবস্থার তথ্য সংগ্রহের দাবি করা হলে মোদী সরকার তা প্রত্যাখ্যান করেছিল। তাঁর দাবি, এই তথ্য দিয়ে উন্নত নীতি প্রণয়ন কমিশনের উদ্দেশ্য নয়; বরং তথ্য উপস্থাপন ও বিকৃত করে মুসলিমদের টার্গেট করা এবং তাদের অবশিষ্ট অধিকার কেড়ে নেওয়ার সুযোগ তৈরি হতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, জনসংখ্যাগত পরিবর্তনবিষয়ক উচ্চপর্যায়ের কমিটি গত ১৫ বছরের ধর্মভিত্তিক জন্মনিবন্ধন, গাড়ি নিবন্ধন, স্কুলে ভর্তি ও সম্পত্তি লেনদেনের তথ্য চেয়েছে। জেলা অনুযায়ী ধর্মীয় স্থাপনার সংখ্যা, আধার, ভোটার পরিচয়পত্র ও রেশন কার্ড নিবন্ধনে অস্বাভাবিক বৃদ্ধির তথ্যও চাওয়া হয়েছে। ২৬ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কমিটি গঠন করে এবং অবসরপ্রাপ্ত বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকরকে এর প্রধান করে।