অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতিস্থাপনকারীদের সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছে সুইজারল্যান্ড। দেশটি বলেছে, ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং হামলার জন্য দায়ীদের বিচারের আওতায় আনা ইসরাইলের দায়িত্ব। সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ অবস্থান জানায়।
পোস্টে পশ্চিম তীরের ফিলিস্তিনি গ্রাম জালুদে সাম্প্রতিক একটি হামলার কথা উল্লেখ করা হয়। সুইস পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রায় ১০০ ইসরাইলি বসতিস্থাপনকারী ওই হামলায় অংশ নেয়। হামলার সময় তারা তুবাসি পরিবারের দুটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
ইসরাইলি আদালতের এক সিদ্ধান্তের পর পরিবারটি নিজেদের বাড়িতে ফেরার চেষ্টা করার কয়েক ঘণ্টার মধ্যেই হামলাটি ঘটে। সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বসতিস্থাপনকারীদের সহিংসতা নজিরবিহীন মাত্রায় পৌঁছেছে এবং তা কোনোভাবেই সহ্য করা যায় না। হামলায় জড়িতদের জবাবদিহির মুখোমুখি করারও আহ্বান জানিয়েছে সুইজারল্যান্ড।