বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল সোমবার (২৬ জানুয়ারি) চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেন এবং বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে চেয়ারম্যান জুলাই ২০২৪-এর গণ-অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বন্দরের উল্লেখযোগ্য অর্জন সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন।
তিনি জানান, অনিয়ম, শ্রম অসন্তোষ, প্রেশার গ্রুপের আধিপত্য, অগ্নিদুর্ঘটনা ও ডিজিটালাইজেশনে প্রতিবন্ধকতা মোকাবিলা করে বন্দরে যুগোপযোগী সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। এর ফলে রেকর্ড হ্যান্ডলিং, জাহাজের টার্ন অ্যারাউন্ড টাইম হ্রাস, পোর্ট লিমিট বৃদ্ধি, বে টার্মিনাল ও মাতারবাড়ী প্রকল্পে অগ্রগতি এবং ইউএস কোস্টগার্ড অডিটে জিরো অবজারভেশন অর্জন সম্ভব হয়েছে। তিনি রেফার কনটেইনার সংরক্ষণের জন্য কোল্ড চেইন ইন্ডাস্ট্রি স্থাপনে মার্কিন আগ্রহকে স্বাগত জানান।
রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বন্দরের অগ্রগতি ও পরিকল্পনায় সন্তোষ প্রকাশ করে একে আরও আধুনিক ও বিশ্বমানের বন্দর হিসেবে গড়ে তুলতে যুক্তরাষ্ট্রের সহযোগিতার আশ্বাস দেন। তিনি বন্দরকেন্দ্রিক বিদেশি বিনিয়োগ, প্রশিক্ষণ এবং যুক্তরাষ্ট্রের রপ্তানি পণ্য খালাসে সহযোগিতা কামনা করেন।