বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হকের রচিত ‘জুলাই কেন আমাদের লড়াই?’ বইটি বৃহস্পতিবার বিকাল তিনটায় দলের কেন্দ্রীয় কার্যালয় দারুল খিলাফাহ মিলনায়তনে প্রকাশিত হয়েছে। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মামুনুল হক। তিনি বলেন, বইটিতে কেন তারা জুলাইয়ের পক্ষে ছিলেন, আছেন এবং থাকবেন তা তুলে ধরা হয়েছে। জুলাইয়ের পক্ষে তাদের অবস্থান আপসহীন এবং এ ক্ষেত্রে নমনীয়তার কোনো সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন।
গ্রন্থটিতে জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে বাংলাদেশ খেলাফত মজলিসের রাজনৈতিক অবস্থান, গণভোট, সংবিধান সংস্কার, ইসলামপন্থীদের ভূমিকা ও সমকালীন রাজনৈতিক বাস্তবতার বিভিন্ন দিক বিশ্লেষণ করা হয়েছে। মামুনুল হক বলেন, জুলাই বিপ্লবে কওমি আলেম সমাজের অবদান ও আকাঙ্ক্ষাকে দুর্বল করার কিছু মানুষের অপচেষ্টায় তারা চূড়ান্ত ক্ষুব্ধ। তিনি আরও বলেন, বিগত নির্বাচনে বিএনপির সঙ্গে জোট না হওয়ার সবচেয়ে শক্তিশালী কারণ ছিল জুলাইয়ের বিরুদ্ধে বিএনপির অবস্থান।
অনুষ্ঠানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, জুলাইয়ের ইতিহাস পরিবর্তন করা হচ্ছে এবং জুলাই জাদুঘর বিকৃত করে উদ্বোধন করা হয়েছে; তাই প্রত্যক্ষ অভিজ্ঞতা লিপিবদ্ধ রাখা দরকার। লেখক ও গবেষক মুসা আল হাফিজ বইটিকে জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা রাখা ব্যক্তিদের লেখা বইগুলোর মধ্যে প্রথম সারির বলে উল্লেখ করেন। তিনি সব পক্ষকে এটিকে জুলাইয়ের টেক্সটবুক হিসেবে গ্রহণের আহ্বান জানান।