পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের সোহেল মীরের মালিকানাধীন একটি ট্রলার বঙ্গোপসাগরে ডুবে যাওয়ার পর এতে থাকা ১০ জেলেকেই জীবিত উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে। প্রথমে সাতজনকে একটি ট্রলার উদ্ধার করে এবং নিখোঁজ থাকা বাকি তিনজনকে কয়েক ঘণ্টা পর অন্য একটি ট্রলার উদ্ধার করে।
উদ্ধার হওয়া জেলেরা হলেন মেহেদী, রিয়ান, মাসুম মীর, ফরিদ, মো. মোস্তফা, মো. মজনু, মো. শাকিল, আব্দুর খাঁ, মো. সোহেল ও মো. মনির। ট্রলারমালিক সোহেল মীর জানান, তারা গত শুক্রবার কোড়ালিয়া থেকে সাগরে গিয়েছিলেন। সোমবার আবহাওয়া বেশি খারাপ থাকায় ঘাটে ফেরার সময় বঙ্গোপসাগরের মাঝামাঝি ট্রলারটির তলা ফেটে যায়।
উপজেলা মৎস্য কর্মকর্তা, অতিরিক্ত দায়িত্বে থাকা মো. জহিরুন্নবী বলেন, নিখোঁজ তিনজনসহ সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং তাদের বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে। রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান বলেন, ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি নিশ্চিত করেন, ট্রলারে থাকা ১০ জন জেলেই জীবিত উদ্ধার হয়েছেন।