ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের অনুরোধ জানিয়েছেন। ট্রাম্প অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের সম্পর্ক ভালো এবং নেতানিয়াহু জানেন ‘আসল বস’ কে। তিনি জানান, ৭–৮ জুলাই তুরস্কে ন্যাটো সম্মেলন শেষে হোয়াইট হাউসে বৈঠক হতে পারে, যদিও এক ইসরাইলি কর্মকর্তা বলেছেন, বৈঠকটি পরের সপ্তাহে হতে পারে। নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, দুই নেতা ফোনে কথা বলে যুক্তরাষ্ট্রে শিগগিরই সাক্ষাৎ করার বিষয়ে একমত হয়েছেন।
এই সফরটি হলে ফেব্রুয়ারির পর এটি হবে নেতানিয়াহুর প্রথম যুক্তরাষ্ট্র সফর। ওই সময় তিনি ট্রাম্পের কাছে ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিকল্পনা উপস্থাপন করেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে। এরপর থেকে লেবাননে ইসরাইলের সামরিক তৎপরতা ও ইরান ইস্যুতে দুই নেতার মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে। ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ানো ও নতুন পরমাণু আলোচনার চুক্তি স্বাক্ষর করেছেন, যা নেতানিয়াহুর আপত্তির কারণ হয়েছে।
আগামী অক্টোবরে ইসরাইলে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। জনমত জরিপে পিছিয়ে থাকা নেতানিয়াহুর জন্য এই বৈঠকটি গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।