চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আনসারবাড়ীয়া রেলস্টেশন পূর্ণাঙ্গ চালু, স্টেশন মাস্টারসহ প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে স্থানীয়রা রেলপথ অবরোধ করেছেন। বুধবার সকাল ১০টা থেকে স্টেশন চত্বরে কর্মসূচি চলে। অবরোধের সময় খুলনা থেকে চিলাহাটিগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে আটকে রাখা হয়। দাবি বাস্তবায়নে রেল কর্তৃপক্ষকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে।
বিক্ষোভকারীরা বলেন, জেলার অন্যতম প্রাচীন ও ব্যস্ততম এ স্টেশন দিয়ে বিপুলসংখ্যক মানুষ নিয়মিত যাতায়াত করেন এবং স্থানীয় কৃষিপণ্য ও বাণিজ্যিক মালামাল দূরপাল্লায় পরিবহনে এটি গুরুত্বপূর্ণ। তবে দীর্ঘদিন ধরে পর্যাপ্ত জনবল ও অবকাঠামোগত সুবিধার অভাবে স্টেশনটি কার্যত অচল হয়ে পড়েছে বলে তাদের অভিযোগ। বর্তমানে যে ট্রেনটি থামে, সেটিও মূল প্ল্যাটফর্মের বদলে ২ নম্বর লাইনে দাঁড়ায়; সেখানে প্ল্যাটফর্ম না থাকায় নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা ঝুঁকিতে ওঠানামা করেন।
আন্দোলনকারীরা অন্তত দুজন স্টেশন মাস্টারসহ প্রয়োজনীয় জনবল পদায়ন, আধুনিক প্ল্যাটফর্ম, যাত্রীছাউনি ও বিশ্রামাগার নির্মাণের দাবি জানান। ঢাকা-খুলনা এবং খুলনা-রাজশাহী রুটের আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের উভয়মুখী যাত্রাবিরতিও চান তারা। জীবননগর উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন খান খোকন কর্মসূচিতে সংহতি জানান। নেতারা বলেন, ৭২ ঘণ্টার মধ্যে সুনির্দিষ্ট পদক্ষেপ না নেওয়া হলে রেলপথ পুরোপুরি অচল করাসহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।