ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর বা আইআরজিসি দাবি করেছে, হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাত লেগে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও আগুন লেগেছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার তথ্য অনুযায়ী, শনিবার এ ঘটনা ঘটে। প্রতিটি ট্যাংকারে প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছিল বলে দাবি করা হয়েছে। জাহাজ দুটির নাম এবং তেলের উৎস তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ইরনা বলেছে, প্রথম ট্যাংকারটি নৌমাইনে আঘাত করার পর বিস্ফোরিত হয়ে ভয়াবহ আগুনে পড়ে। দ্বিতীয় ট্যাংকারটিও নৌমাইনে আঘাতের পর পুড়ে যায় বলে আইআরজিসি জানিয়েছে। সংস্থাটির দাবি, জাহাজ দুটি অবস্থান শনাক্তকরণ ও রাডারব্যবস্থা বন্ধ রেখে ইরানের অনুমোদন ছাড়া একটি পথ দিয়ে প্রণালি পার হওয়ার চেষ্টা করছিল। আইআরজিসি আরও বলেছে, একটি ট্যাংকার যুক্তরাষ্ট্রের সহায়তায় পার হওয়ার চেষ্টা করছিল এবং অন্যটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে।
ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরুর পর তেহরান প্রণালিটির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে এবং সব জাহাজের জন্য অনুমোদন চায়। কেপলারের হিসাবে, ৮ অক্টোবর প্রণালি দিয়ে ২ কোটি ৮ লাখ ব্যারেল তেল পরিবহন হলেও ১১ অক্টোবর তা নেমে আসে ২৯ লাখ ব্যারেলে। সরবরাহ বিঘ্নে বিশ্ববাজারে জ্বালানির দাম ও মূল্যস্ফীতি বেড়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।