নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যের একটি গ্রামে বন্দুকধারীদের হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে মোটরসাইকেলে করে বুককুয়ুম এলাকার গ্রামটিতে প্রবেশ করে সশস্ত্র হামলাকারীরা। তারা শুক্রবার সকাল পর্যন্ত গ্রামজুড়ে তাণ্ডব চালায়, বাড়িঘরে আগুন ধরিয়ে দেয় এবং বেশ কয়েকজন নারী ও শিশুকে অপহরণ করে নিয়ে যায়।
বুককুয়ুম দক্ষিণের প্রতিনিধি হামিসু এ ফারু জানান, অপহৃতদের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি, কারণ স্থানীয় কর্মকর্তারা নিখোঁজদের তালিকা প্রস্তুত করছেন। স্থানীয় বাসিন্দা আবদুল্লাহি সানি বলেন, গ্রামবাসী এক দিন আগে ১৫০টিরও বেশি মোটরসাইকেলে আসা বন্দুকধারীদের দেখে নিরাপত্তা বাহিনীকে জানিয়েছিল, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
এর এক সপ্তাহ আগে নাইজার রাজ্যের বোরগু এলাকায় আরেক হামলায় অন্তত ৪৬ জন নিহত হয়েছিল, যার মধ্যে কনকোসো গ্রামে ৩৮ জনকে গুলি করে হত্যা করা হয়।