তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, যেকোনো ধরনের ব্যবসায়িক উদ্যোগকে সুরক্ষা দেওয়া সরকারের দায়িত্ব। বৃহস্পতিবার কেবল অপারেটর্স এসোসিয়েশন অফ বাংলাদেশ (কোয়াব) আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ইন্টারনেটভিত্তিক সমাজে প্রবেশের ফলে আইপি টিভি ও অনলাইন প্ল্যাটফর্মগুলো সারা বিশ্বে কেবল টিভি ব্যবসাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। তিনি উল্লেখ করেন, সরকার যদি প্রযুক্তিগতভাবে একটি কাঠামো তৈরি করতে পারে, তবে ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব হবে।
জহির উদ্দিন স্বপন কোয়াব নেতাদের প্রতি আহ্বান জানান, তারা যেন বিশেষজ্ঞদের মাধ্যমে কেবল টিভি খাতের প্রযুক্তিগত দিকগুলো উপস্থাপন করেন। তিনি বলেন, সংশ্লিষ্ট শিল্পখাতের সমস্যা বিভিন্ন দিক থেকে বুঝে সমাধানের চেষ্টা করাই তার দায়িত্ব এবং ভবিষ্যতেও কোয়াবের সঙ্গে মতবিনিময় অব্যাহত থাকবে।