ইরানের সঙ্গে সম্পর্ক এবং দেশটি থেকে জ্বালানি তেল কেনার অভিযোগে চার ভারতীয় কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। নিষেধাজ্ঞার আওতায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো পোর্টিস পার্টনার এলএলপি, সদাশিব ওভারসিজ লিমিটেড, পিআর সফটটেক প্রাইভেট লিমিটেড এবং প্রাক্রুতিস ইনফ্রা ইমপেক্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এসব কোম্পানি ইরানি তেল আমদানি, মজুত, স্থানান্তর ও বিক্রির সঙ্গে যুক্ত ছিল এবং ইরানকে তেল রপ্তানিতে সহায়তা করেছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান অর্থনৈতিক অভিযানের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে, যার নাম ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’। এই নীতির আওতায় ইরানের সামরিক বাহিনী ও জ্বালানি খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে ওয়াশিংটন।
মার্কিন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, পোর্টেজ পার্টনার্স ভারতে বিপুল ইরানি পেট্রোকেমিক্যাল পণ্য সরবরাহে ভূমিকা রেখেছে; এর দুই অংশীদার ইদ্রিসমিয়া আশরাফমিয়া শেখ ও হরিশ রামচন্দ্র রাঙ্গিও নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন। সদাশিব ওভারসিজ ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত প্রায় ৬ কোটি ৯০ লাখ ডলারের পণ্য আমদানি করেছে। যুক্তরাষ্ট্রে বা মার্কিন নাগরিকের নিয়ন্ত্রণে থাকা এসব প্রতিষ্ঠানের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে এবং লেনদেন সাধারণভাবে নিষিদ্ধ থাকবে।