বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের দেওয়া গণভোটের রায় উপেক্ষা করে জাতীয় ঐক্যের কোনো উদ্যোগ সফল হবে না। শনিবার সকালে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে দলের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে তিনি সরকারকে দ্রুত গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আহ্বান জানান।
তিনি বলেন, মানুষ শুধু সরকার পরিবর্তনের জন্য গণঅভ্যুত্থানে অংশ নেয়নি; রাষ্ট্র পরিচালনার নীতি, কাঠামো ও রাজনৈতিক সংস্কৃতিতে মৌলিক পরিবর্তন চেয়েছিল। তার অভিযোগ, নির্বাচনের আগে গণভোটের রায় মানা ও জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য থাকলেও নির্বাচনের পর সরকার সেখান থেকে সরে এসেছে। জাতীয় ঐকমত্য কমিশনের অধীনে সাত মাসে ৩৭টি রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন পক্ষের আলোচনার ভিত্তিতেই সংস্কার এগোনো উচিত বলে তিনি মত দেন।
ডা. শফিকুর রহমান শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয়করণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সার্বভৌমত্বের বিষয়েও উদ্বেগ জানান। তিনি বলেন, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে জামায়াত সংলাপে অংশ নেবে। বিদেশের সঙ্গে হওয়া চুক্তি সংসদে উপস্থাপন ও আলোচনার মাধ্যমে জবাবদিহি নিশ্চিত করার দাবিও জানান তিনি।