নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত উসকানি ও ষড়যন্ত্র ঠেকাতে আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সোমবার ডিএমপি সদর দপ্তরে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় কমিশনার নির্দেশ দেন, রাজধানীর কোথাও আওয়ামী লীগের মিছিল বা অন্য তৎপরতা ঠেকাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জবাবদিহি করতে হবে।
ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ মাঠপর্যায়ের কর্মকর্তাদের অপরাধ সংঘটনের পর প্রতিক্রিয়া দেখানোর প্রচলিত ধারা বদলানোর নির্দেশ দেন। বহিরাগতদের চলাচল ও সম্ভাব্য অপতৎপরতা ঠেকাতে সিটিটিসি, ডিবি এবং থানা পুলিশের সমন্বিত পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।
নির্দেশনার মধ্যে রয়েছে রাজধানীর প্রবেশমুখে কঠোর ব্লক চেক, নির্দিষ্ট স্থানে জিরো-গ্যাপ নিরাপত্তা এবং আবাসিক হোটেলে অতিথিদের তালিকা সংরক্ষণ। কমিশনার বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং ছাত্রলীগও সংগঠন হিসেবে নিষিদ্ধ। কোনো এলাকায় নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম বা ঝটিকা মিছিল হলে সংশ্লিষ্ট অপরাধ বিভাগের ডিসি ও ওসির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।