সানভির বসুন্ধরা গ্রুপের নতুন উদ্যোগ বসুন্ধরা সুপারগল্ফ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। সবার জন্য গলফকে সহজলভ্য ও আনন্দদায়ক করার লক্ষ্য নিয়ে রাজধানীর মাদানী এভিনিউসংলগ্ন বসুন্ধরা সুপারগল্ফ প্রাঙ্গণে বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, সানভির বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান শাফিয়াত সোবহান সানভীরসহ বসুন্ধরা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
‘শুধু গলফ নয়, তারচেয়েও বেশি কিছু’ স্লোগানে গড়ে ওঠা এই লাইফস্টাইল হাবে তিনটি আধুনিক লেভেলে ডিজিটাল ট্র্যাকিং সুবিধাসহ ১০৭টি গলফ বে রয়েছে। এখানে বিশ্বমানের রেস্টুরেন্ট, প্রিমিয়াম ক্যাফে, প্রো-শপ, হাই-টেক সিমুলেটর ও ট্রেনিং রুম, বিলিয়ার্ড, ভিআইপি সুইট, মিটিং রুম, সোশ্যাল ইভেন্ট হল, কিডস জোন এবং স্পোর্টস লাউঞ্জও রয়েছে।
ব্যবস্থাপনা পরিচালক এমিল আহমেদ সোবহান বলেন, এটি পেশাদার গলফ অনুশীলনের পাশাপাশি পরিবার, বন্ধু ও করপোরেট দলের খাবার, বিনোদন এবং সামাজিক আয়োজনের সমন্বিত স্থান হিসেবে পরিকল্পিত। এক বছরের বেশি সময় ধরে প্রকল্পটির পরিকল্পনা ও বাস্তবায়নে কাজ করা হয়েছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, বার্ষিক সদস্যপদের পাশাপাশি সাধারণ দর্শনার্থীরাও পে-অ্যান্ড-প্লে ভিত্তিতে খেলতে পারবেন।