প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপানে চার দিনের সরকারি সফরে সফরসঙ্গী হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে ২৬ থেকে ২৯ অক্টোবর এ সফর হবে। দুই দেশের সরকার গত ২০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে সফরটির ঘোষণা দেয়।
সফরসঙ্গীর তালিকায় হেফাজত নেতার নাম অন্তর্ভুক্ত হওয়াকে কেন্দ্র করে সংগঠনটির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও সমালোচনা চলছে। সংগঠনের শীর্ষ ও মাঠপর্যায়ের অনেক নেতা মনে করছেন, সরকারপ্রধানের রাষ্ট্রীয় সফরে হেফাজত নেতার সফরসঙ্গী হওয়া সমীচীন নয়। তাঁদের মতে, এতে সংগঠনটির অরাজনৈতিক চরিত্র ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে এবং ভবিষ্যতে রাজনৈতিক সমালোচনার মুখে পড়ার আশঙ্কা রয়েছে।
ইসলামাবাদী এ সুযোগ পাওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, একজন আলেম হিসেবে সরকারপ্রধানের সঙ্গে রাষ্ট্রীয় সফরে যাওয়ার অনুভূতি ভিন্ন ও আনন্দের। সফরের সুযোগ কাজে লাগিয়ে ওলামায়ে কেরামের বিভিন্ন দাবিদাওয়া এবং ইসলামের সার্বিক কল্যাণে করণীয় বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে গঠনমূলক আলোচনার প্রস্তুতি নিচ্ছেন তিনি। দ্বীন ও দেশের স্বার্থে ইতিবাচক প্রস্তাবনা তুলে ধরার আশাও প্রকাশ করেছেন তিনি।