আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জানিয়েছে, হরমুজ প্রণালি পুনরায় চালু হওয়ায় বৈশ্বিক তেলবাজার ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরবে। সংস্থার সর্বশেষ মাসিক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের নিয়ন্ত্রণাধীন প্রণালিটি খুলে দেওয়া এবং যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহারের ফলে প্রতিদিন ১ কোটি ৪০ লাখ ব্যারেলের বেশি তেল উৎপাদন ও সরবরাহে যে বড় ধরনের সংকট সৃষ্টি হয়েছিল, তা কাটিয়ে ওঠার পথ তৈরি হয়েছে।
আইইএর মতে, বর্তমান সমঝোতা কার্যকর থাকলে উপসাগরীয় অঞ্চল থেকে তেল উৎপাদন ও রপ্তানি ধীরে ধীরে বাড়বে। যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহারের ফলে ইরানের তেল রপ্তানি সম্পূর্ণভাবে পুনরায় শুরু করার সুযোগ তৈরি হয়েছে। সংস্থার তথ্য অনুযায়ী, মে মাসে দৈনিক ৯৬ লাখ ব্যারেলে নেমে আসা তেল প্রবাহ বর্তমানে প্রায় ১ কোটি ২০ লাখ ব্যারেলে পৌঁছেছে, যা ওমান উপসাগরে জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তর বৃদ্ধির ফল।
তবে আইইএ সতর্ক করেছে যে, মাইন অপসারণ ও ক্ষতিগ্রস্ত সরবরাহ শৃঙ্খল পুনরুদ্ধার সম্পন্ন না হওয়া পর্যন্ত পূর্ণ সক্ষমতায় কার্যক্রম চালানো সম্ভব হবে না। এসব চ্যালেঞ্জ কাটিয়ে উঠলে বৈশ্বিক তেলবাজারে স্থিতিশীলতা ফিরবে বলে সংস্থাটি আশা করছে।