‘অর্থবহ পর্যটনঃ পরিকল্পনা ও টেকসই উন্নয়নের প্রেক্ষাপট’ শীর্ষক জাতীয় গোলটেবিল বৈঠকটি মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকার সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে দেশের পর্যটন খাতের শীর্ষ অংশীজনরা অংশ নেন। জার্মান পর্যটন বিশেষজ্ঞ অধ্যাপক ড. উলফগ্যাং জর্জি আর্ল্ট মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং বাংলাদেশের পর্যটন খাতের ভবিষ্যৎ নিয়ে দিকনির্দেশনা দেন।
বাণিজ্য ও উদ্যোক্তাবৃত্তি অনুষদের সহযোগী অধ্যাপক মাহাবুব পারভেজের সঞ্চালনায় এবং ডিন প্রফেসর ড. মোহাম্মদ রকিবুল কবিরের স্বাগত বক্তব্যের মাধ্যমে বৈঠকটি শুরু হয়। এতে টিওএবি, এটিএবি, পাটা বাংলাদেশ, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, নভো এয়ার, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা ও দ্য ওয়েস্টিন ঢাকার প্রতিনিধিরা অংশ নেন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও পর্যটকদের নতুন আচরণ বিশ্ব পর্যটনকে বদলে দিচ্ছে। সমৃদ্ধ সংস্কৃতি ও জীববৈচিত্র্য থাকা সত্ত্বেও বাংলাদেশ এখনো পর্যটন সম্ভাবনা পুরোপুরি কাজে লাগাতে পারেনি। ২০২৫ সালে মাত্র ৬ লাখ ৫০ হাজার বিদেশি পর্যটক ৪৪০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করেছেন। বক্তারা সেবার মান উন্নয়ন ও আঞ্চলিক বাজারে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।