বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটকে (বিএফটিআই) একটি কার্যকর, আধুনিক ও টেকসই প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিএফটিআইয়ের ৬২তম বোর্ড সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, প্রতিষ্ঠানটি ভবিষ্যতে নিজস্ব আর্থিক সক্ষমতা অর্জন করে একটি স্বনির্ভর জ্ঞানকেন্দ্রে পরিণত হবে, যা দেশের আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাণিজ্যের জটিলতা মোকাবিলায় বাংলাদেশকে আরও দক্ষ হতে হবে। এজন্য বিএফটিআইয়ের অধীনে একটি স্থায়ী বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হবে, যা ডব্লিউটিও বিরোধ নিষ্পত্তি, বাণিজ্য নীতি বিশ্লেষণ এবং দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বাণিজ্য আলোচনায় সহায়তা করবে। এই প্যানেলে সরকারি ও বেসরকারি খাতের অভিজ্ঞ বিশেষজ্ঞ, আইনজ্ঞ ও গবেষকরা অন্তর্ভুক্ত থাকবেন।
সভায় বিএফটিআইয়ের জন্য একজন যোগ্য প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগের সুপারিশ করা হয় এবং ইউজিসির অনুমোদন নিয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। গবেষণা কার্যক্রম সম্প্রসারণ, প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় ও আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক গড়ে তোলার ওপরও গুরুত্ব দেওয়া হয়।