প্রথম প্রচেষ্টায় মাঝপথে ফিরে আসার পর চীনের দুটি কনটেইনারবাহী জাহাজ দ্বিতীয় প্রচেষ্টায় হরমুজ প্রণালি অতিক্রম করতে সক্ষম হয়েছে। জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, সোমবার তারা পারস্য উপসাগর পেরিয়ে একে অপরের কাছাকাছি অবস্থানে থেকে উন্মুক্ত সমুদ্রের দিকে যাত্রা করে। রয়টার্স জানিয়েছে, বর্তমানে জাহাজ দুটি দ্রুতগতিতে ওমান উপসাগরের দিকে অগ্রসর হচ্ছে।
মেরিন ট্রাফিকের তথ্য অনুসারে, কেপলারের বিশ্লেষক রেবেকা গার্ডেস বলেছেন, যুদ্ধ শুরুর পর ইরানি পতাকাবাহী জাহাজ ছাড়া এই দুটি জাহাজই প্রথম কনটেইনারবাহী জাহাজ যা অঞ্চলটি ত্যাগ করতে পেরেছে। ইরান বর্তমানে হরমুজ প্রণালি কার্যত বন্ধ রেখেছে, তবে যেসব দেশকে তারা ‘বন্ধুত্বপূর্ণ’ বা ‘শত্রু নয়’ মনে করে, তাদের কিছু নির্বাচিত জাহাজ চলাচলের অনুমতি পাচ্ছে।
কসকো শিপিং পরিচালিত এই দুটি জাহাজের সফল পার হওয়া চীন ও ইরানের মধ্যে কূটনৈতিক সমন্বয়ের ইঙ্গিত দিচ্ছে এবং ইরান তার বন্ধু দেশের তালিকা সম্প্রসারণ করছে বলে ধারণা করা হচ্ছে।