চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদরাসায় জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যকে বিভ্রান্তিকর, অসত্য ও বিষোদ্গার বলে অভিযোগ করেছে দলটি। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের।
বিবৃতিতে জোবায়ের বলেন, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে নিয়মতান্ত্রিকভাবে রাজনীতি করছে। তাঁর দাবি, দলটি জাতীয় ও স্থানীয় নির্বাচনে অংশ নিয়ে জনগণের সমর্থন পেয়েছে এবং দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করে সরকারকে জবাবদিহির মধ্যে রাখার চেষ্টা করছে। তিনি বলেন, দলের গঠনতন্ত্র ও সাংগঠনিক কার্যক্রম স্পষ্ট ও প্রকাশ্য; তাই লক্ষ্য, উদ্দেশ্য ও আদর্শ নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই।
জোবায়ের আরও বলেন, দলটি নাগরিকের মৌলিক অধিকার রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করছে। বিবৃতিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে খুন, রাহাজানি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং গুপ্তহত্যার কথা বলা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এসব নিয়ন্ত্রণে মনোযোগ না দিয়ে বিরোধী দলের চরিত্রহননে ব্যস্ত বলে অভিযোগ করে, জামায়াত ও অন্যান্য ইসলামী দলকে নিয়ে ভিত্তিহীন বক্তব্য পরিহার এবং দায়িত্ব পালনে মনোযোগ দেওয়ার আহ্বান জানানো হয়।