স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। সোমবার সচিবালয়ে আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক কি না, তা জনগণই মূল্যায়ন করবে বলে জানান তিনি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাম্প্রতিক প্রতিবেদনের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি।
মন্ত্রী বলেন, আগের তুলনায় পুলিশ এখন আরও জনবান্ধব হয়ে মানুষের সেবায় কাজ করছে এবং তাদের কাজের স্বীকৃতি দেওয়া প্রয়োজন। তিনি জানান, সরকার পুলিশ সদস্যদের নৈতিকভাবে উৎসাহিত করতে কাজ করছে এবং যারা কৃতিত্বপূর্ণ দায়িত্ব পালন করবে, তাদের সনদ ও আর্থিক সহায়তা দেওয়া হবে।
অনুষ্ঠানে শিশু রামিসা হত্যাকাণ্ডসহ তিনটি গুরুত্বপূর্ণ ঘটনায় পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে ১৫ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। প্রত্যেকে সনদের পাশাপাশি ২০ হাজার টাকা করে সম্মানী পান। দ্রুত আসামি গ্রেপ্তার ও তদন্তে অবদানের জন্য তিন পুলিশ সদস্যকে আইজিপি ব্যাজ পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।