ইসলামিক রেভল্যুশন গার্ডস কর্পসের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদি হুঁশিয়ারি দিয়েছেন, ইরানের বিরুদ্ধে শত্রুপক্ষ কোনো ভুল পদক্ষেপ নিলে মধ্যপ্রাচ্যজুড়ে তাদের জ্বালানি ও বিনিয়োগ অবকাঠামোয় হামলা চালানো হবে। রোববার উত্তরাঞ্চলীয় সারি শহরে ‘স্যাক্রিফাইস ফর ইরান’ কর্মসূচিতে তিনি বলেন, যেকোনো আগ্রাসনের জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী সক্ষম।
নাকদি বলেন, শত্রুর মোকাবিলায় ‘ফাদার অব ইরানিয়ান মিসাইলস’ প্রস্তুত রয়েছে। তিনি দাবি করেন, ইরানি জনগণের প্রতিরোধ ও প্রস্তুতি শত্রুপক্ষের স্থল অভিযান ঠেকাতে এবং তাদের নৌযান পিছু হটাতে ভূমিকা রেখেছে। ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যকে তিনি ওয়াশিংটনের পরাজয়ের স্বীকারোক্তি হিসেবে বর্ণনা করেন।
নাকদির দাবি, ১২ দিনের যুদ্ধে ইরানে নিক্ষেপ করা ১৪ টন ওজনের কিছু বোমা বিস্ফোরিত হয়নি এবং সেগুলো ইরানি বাহিনীর হাতে আসে। অন্যদিকে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেবি সবচেয়ে ভারী বোমার নামে ‘মাদার’ বা ‘মা’ শব্দ ব্যবহারের সমালোচনা করেছেন। এসব বক্তব্য ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত দেয়।