রোববার চট্টগ্রামস্থ বাংলাদেশ নেভাল একাডেমিতে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীতে নতুন ৬১ জন কর্মকর্তা কমিশন লাভ করেন। ঐতিহ্যবাহী এই অনুষ্ঠানে ২০২৩-বি ব্যাচের ৫৪ জন মিডশিপম্যান এবং ২০২৬-এ ব্যাচের ৭ জন সরাসরি কমিশন্ড অফিসার কমিশন পান। নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
নৌবাহিনী প্রধান তার ভাষণে বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত ‘মেড ইন বাংলাদেশ’ নীতির আলোকে নৌবাহিনীর শিপইয়ার্ড ও ডকইয়ার্ড দেশীয় প্রযুক্তি উন্নয়নে কাজ করছে। তিনি জানান, উপকূলীয় এলাকায় সারফেস সার্ভেইলেন্স সিস্টেম, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সেন্টার এবং আধুনিক এন্টি-ড্রোন সিস্টেম স্থাপনের কাজ চলছে। নৌবাহিনী সমুদ্রসীমা রক্ষা, সামুদ্রিক সম্পদ সংরক্ষণ ও মানবিক সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, সংসদ সদস্য, তিন বাহিনীর পদস্থ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিদেশি সামরিক অ্যাটাশে ও নবীন কর্মকর্তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। কমিশনপ্রাপ্তদের মধ্যে ৫ জন নারী ও ২ জন বিদেশি কর্মকর্তা রয়েছেন।