দেশের ৫০টি বিশ্ববিদ্যালয়ে ডিসেম্বরের মধ্যে তৃতীয় ভাষা শিক্ষা চালুর পরিকল্পনার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, ইউজিসি। শনিবার রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট উন্মোচন অনুষ্ঠানে ইউজিসি সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন এ ঘোষণা দেন। ইনস্টিটিউটটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত।
২০২৬ সালের নির্বাচনী ইশতেহারে ম্যান্ডারিন, জাপানিজ, জার্মান, কোরিয়ান ও আরবিসহ তৃতীয় ভাষা শিক্ষার সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হয়েছে বলে তিনি জানান। তাঁর মতে, অতিরিক্ত ভাষাজ্ঞান শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত সুযোগ বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক যোগাযোগে সক্ষম করে। সব বিভাগীয় অঞ্চলের বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত করে ভাষা কেন্দ্র স্থাপন করা হবে এবং কনফুসিয়াস ইনস্টিটিউটের মতো প্রতিষ্ঠান এ উদ্যোগের অংশীদার হবে।
কার্যক্রম বাস্তবায়নে বিদেশি ও স্থানীয় ভাষাবিশেষজ্ঞ এবং শিক্ষণ উপকরণ প্রয়োজন হবে বলে জানান মামুন। এ জন্য ইউজিসি সংশ্লিষ্ট দূতাবাসগুলোর সঙ্গে কাজ করবে; ম্যান্ডারিনকে অগ্রাধিকার দেওয়ায় চীনা দূতাবাসের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন। ভাষা শিক্ষা শিক্ষার্থী বিনিময়, বৃত্তি, যৌথ কর্মসূচি ও গবেষণার সুযোগ বাড়াতে এবং আন্তর্জাতিক কর্মক্ষেত্রে স্নাতকদের সম্ভাবনা তৈরিতে সহায়ক হতে পারে।