মুসলিম যাত্রীদের নামাজের আগে অজুর সুবিধার জন্য বিমানবন্দরে পরিকল্পিত ও বিদ্যমান ব্যবস্থা নিয়ে টেক্সাসে বিতর্ক শুরু হয়েছে। গভর্নর গ্রেগ অ্যাবট ডালাস-ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দর এবং হিউস্টনের জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল বিমানবন্দরের রাজ্য অর্থায়ন পর্যালোচনার নির্দেশ দিয়েছেন। তিনি প্রয়োজনে অনুদান বন্ধের কথাও বলেছেন এবং বিষয়টি যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগে তদন্তের জন্য পাঠানো হয়েছে।
ডালাস-ফোর্ট ওয়ার্থে আলাদা অজুর স্থান তৈরির পরিকল্পনাকে কেন্দ্র করে বিতর্কের শুরু। অ্যাবটের বক্তব্য, সরকারি বিমানবন্দরে কোনো একটি ধর্মীয় গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়া উচিত নয় এবং সব ধর্মের মানুষের সঙ্গে সমান আচরণ নিশ্চিত করতে হবে। পরে বিমানবন্দর কর্তৃপক্ষ পরিকল্পনাটি বাতিল করে জানায়, দ্রুত পর্যালোচনায় প্রকল্পটি প্রত্যাশিত পরিচালনাগত সুবিধা দেবে না বলে সিদ্ধান্ত হয়েছে।
হিউস্টনের জর্জ বুশ বিমানবন্দরে ২০২৪ সাল থেকে অজুর ব্যবস্থা চালু আছে। কর্তৃপক্ষ বলেছে, টার্মিনালে প্রবেশাধিকার থাকা সব যাত্রী, কর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তি এটি ব্যবহার করতে পারেন। মেয়র জন হুইটমায়ারও একে কোনো ধর্মের বিশেষ সুবিধা নয় বলে মন্তব্য করেছেন। সিএআইআর গভর্নরের অবস্থানকে রাজনৈতিক ও মুসলিমবিরোধী পদক্ষেপ বলেছে।