যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধের মধ্যে নিজেদের পারমাণবিক নীতি পুনর্বিবেচনা নিয়ে আলোচনা শুরু করেছে ইরান। এতে দেশটি পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগোতে পারে কি না, তা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বেড়েছে। শনিবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেওয়া সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত দেশের ভেতরেই থাকবে এবং জাতীয় প্রয়োজন অনুযায়ী তা ব্যবহার করা হবে। তবে তিনি বলেন, নীতিতে আনুষ্ঠানিক কোনো পরিবর্তন এখনো হয়নি।
ইরান দীর্ঘদিন ধরে তাদের পারমাণবিক কর্মসূচিকে বিদ্যুৎ, চিকিৎসাবিজ্ঞান ও কৃষি গবেষণাসহ বেসামরিক ব্যবহারের জন্য শান্তিপূর্ণ কর্মসূচি বলে দাবি করে আসছে। আইএইএ জানিয়েছিল, ২০২৫ সালের জুনে ইসরাইলি হামলা শুরুর আগে ইরানের কাছে প্রায় ৪৪০ কেজি ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম ছিল। অস্ত্র তৈরির জন্য প্রায় ৯০ শতাংশ সমৃদ্ধকরণ প্রয়োজন হলেও, ৬০ শতাংশ থেকে ওই পর্যায়ে যাওয়া তুলনামূলক দ্রুত সম্ভব বলে প্রতিবেদনে বলা হয়েছে।
সরকারি কর্মকর্তা ও বিশ্লেষকদের বক্তব্যে প্রতিরোধক্ষমতা, জাতীয় নিরাপত্তা এবং নীতি বদলের পরিণতি নিয়ে তীব্র বিতর্কের ইঙ্গিত পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির আগে পারমাণবিক অস্ত্র না তৈরির নিশ্চয়তা চাইছে। অন্যদিকে ইরান অবরোধ প্রত্যাহারসহ সাতটি শর্ত পূরণ না হলে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে রাজি নয়। আইএইএ বলেছে, প্রয়োজনীয় প্রবেশাধিকার না থাকায় ইরানের পারমাণবিক উপাদানের প্রকৃত পরিমাণ ও অবস্থান যাচাই করতে পারছে না তারা।