ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন রাস্তা ও ফুটপাতে অবৈধভাবে দোকান বসালে সরাসরি মামলা এবং মালামাল ক্রোক করা হবে বলে সতর্ক করেছেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। শনিবার ডিএসসিসির সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ উপলক্ষে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কর্মসূচিটি ৭৫টি ওয়ার্ডে একযোগে পালিত হয়।
আবদুস সালাম বলেন, যানজট, যত্রতত্র ময়লা ফেলা এবং পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টির জন্য অবৈধ হকার ও ভাসমান দোকান বহুলাংশে দায়ী। ঢাকাবাসী ও সিটি কর্পোরেশন এ দুর্ভোগ থেকে মুক্তি চায়। মানবিকতার দোহাই দিয়ে রাস্তা ও ফুটপাত দখলের সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন। ডিএসসিসির নির্ধারিত নিয়মের বাইরে দোকান বসলেই মালামাল জব্দ ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, নিউমার্কেট এলাকায় আগামী সপ্তাহে আবার উচ্ছেদ অভিযান চালানো হবে এবং কোনো অবস্থাতেই সড়কে হকার বসতে দেওয়া হবে না। ডেঙ্গু নিয়ন্ত্রণে তিন দিনের বেশি পানি জমতে না দেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি। সিআইডি কার্যালয় থেকে শুরু হওয়া অভিযানটি শান্তিনগর, কাকরাইল ও নয়াপল্টন হয়ে ফকিরাপুলে শেষ হয়; পথে বর্জ্য পরিষ্কার ও অবৈধ দোকান অপসারণের কাজ পরিদর্শন করা হয়।