ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স থেকে মাস্টার্স পর্যন্ত ফাইনাল পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে অফিস সহকারী ইলিয়াসের নেতৃত্বাধীন একটি চক্রের বিরুদ্ধে। নির্ভরযোগ্য প্রমাণ সামনে আসার পরও ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো তদন্ত কমিটি গঠন করেনি, যা শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও হতাশা সৃষ্টি করেছে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এই চক্র বহুদিন ধরে পরীক্ষার তিন থেকে চার দিন আগে গোপনে অর্থের বিনিময়ে প্রশ্ন সরবরাহ করে আসছে। শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, প্রশ্নফাঁসের ঘটনায় তাদের প্রতিষ্ঠানের সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা দ্রুত তদন্ত কমিটি গঠন করে দোষীদের শনাক্ত ও শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ এতে জড়িত কি না, তা তদন্তেরও আহ্বান জানানো হয়েছে।
সাত কলেজের অন্তর্বর্তীকালীন প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস জানান, তিনি ঘটনাটি শুনেছেন এবং আগামীকাল তদন্ত কমিটি গঠন করা হবে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক হিমাদ্রী শেখর চক্রবর্তী বলেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।