ইরানসংশ্লিষ্ট যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় পাকিস্তানজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার রাজধানীসহ দেশের সবচেয়ে জনবহুল প্রদেশে এক মাসের জন্য সরকারি গণপরিবহনে বিনা মূল্যে যাতায়াতের ঘোষণা দিয়েছে। গত শুক্রবার এই ঘোষণা আসে, যখন সরকার হঠাৎ করে পেট্রোলের দাম ৪২ দশমিক ৭ শতাংশ বাড়িয়ে প্রতি লিটার ৪৮৫ রুপি নির্ধারণ করে, যা জনরোষ সৃষ্টি করে এবং পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন দেখা দেয়।
দ্য গার্ডিয়ানের তথ্যমতে, তীব্র প্রতিক্রিয়ার মুখে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ একই রাতে সিদ্ধান্ত আংশিক পরিবর্তন করেন। তিনি তেলের ওপর শুল্ক কমিয়ে পেট্রোলের দাম প্রতি লিটার ৩৭৮ রুপিতে নামিয়ে আনেন এবং টেলিভিশনে দেওয়া ভাষণে জানান, অন্তত এক মাস এই মূল্য বহাল থাকবে। তবে ডিজেলের দাম অপরিবর্তিত থেকে প্রতি লিটার ৫২০ রুপি নির্ধারণ করা হয়েছে, যা আগের তুলনায় ৫৪ দশমিক ৯ শতাংশ বেশি।
সরকারের এই বিনা ভাড়ার গণপরিবহন উদ্যোগ জনগণের ভোগান্তি কমাতে এবং জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় সহায়ক হিসেবে বিবেচিত হচ্ছে।